শ্যামলবাংলা ডেস্ক : তাপমাত্রা ৪০ ছুঁয়েছে। বৃষ্টির দেখা নেই। চলছে বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়া। পাওয়া যাচ্ছে না পানি। কড়া রোদে হা-পিত্যেশ অবস্থা। একটানা চলছে তাপপ্রবাহ। ২১ এপ্রিল সোমবারও তাপমাত্রা একই অবস্থায় রয়েছে। এদিকে প্রচণ্ড গরমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও নিশ্চয়তা দিতে পারছেন না সংশ্লিষ্টরা।
বিদ্যুৎ বিভাগ বলছে, বিদ্যুৎ উৎপাদন এর চেয়ে বাড়ানো সম্ভব নয়। গরমের কারণে বিদ্যুৎকেন্দ্র মাঝে মাঝে বন্ধ রেখে চালাতে হচ্ছে। রবিবার এক ঘণ্টা করে বিদ্যুৎকেন্দ্র ও সাব স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরমে সাব স্টেশন ও বিদ্যুৎকেন্দ্র বিকল হওয়ার সম্ভাবনা আছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে লোডশেডিং আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রায় দুই হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্র বন্ধ আছে। আর বিদ্যুৎ ঠিকমতো নেই বলে পানি সরবরাহে সমস্যা হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা কমতে আরও দু’একদিন অপেক্ষা করতে হবে। বরং তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমবে না। দেশের বেশিরভাগ স্থানেই আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই।
এতে করে দুস্থ, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের কষ্ট সবচেয়ে বেশি। গরমের কারণে দুপুরের দিকে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। খরায় পুড়ে যাচ্ছে ধানের চারা। কোনো কোনো স্থানে নলকূপ থেকে পানি উঠছে না। রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ছিল পাহাড়ি এলাকা রাঙামাটিতে। এ ছাড়া খেপুপাড়া ও খুলনাতেও তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।




