কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)৬ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে সুবেদার মহিউদ্দিন, ল্যান্স নায়েক শফিউল ইসলাম ও সিপাহী আব্দুল হালিমসহ ৪ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি করা হয়েছে। হেলিকপ্টারযোগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে তাদের ঢাকায় পাঠানো হয়। রোববার ভোরে কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়ার কানাবিলির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৩২ রাইফেলস ব্যাটালিয়নের টু আই সি মেজর মেহেদি হাসান বলেন, রাতে টহল দেওয়ার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের জুগিয়া কানাবিল মোড় নামক স্থানে বিজিবি সদস্যদের বহনকারী জিপ চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় জিপ গাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।




