শ্যামলবাংলা ডেস্ক : এবার নিলামে থ্রিজি বরাদ্দ পেয়েছে ৪ শীর্ষ মোবাইল অপারেটর। এর মধ্যে বরাদ্দে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। গ্রামীণফোন সর্বোচ্চ ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। আর ৫ মেগাহার্টজ করে তরঙ্গ বরাদ্দ পেয়েছে বাংলালিংক, রবি ও এয়ারটেল।
ওই থ্রিজি নিলাম হয় রাজধানীর রূপসী বাংলা হোটেলে ৮ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায়। নিলামের প্রথম ধাপে ১০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পায় গ্রামীণফোন। দ্বিতীয় ধাপে ৫ মেগাহার্টজ করে তরঙ্গ বরাদ্দ পায় বাংলালিংক, রবি ও এয়ারটেল। ১২ আগস্ট থ্রিজি তরঙ্গ বরাদ্দের নিলামে অংশ নিতে অপারেটরগুলোর আবেদনের শেষ দিন ছিল। ১৮ আগস্ট বিটিআরসি আবেদনকারীদের তালিকা প্রকাশ করে। আর ১৯ আগস্ট ছিল নিলাম-প্রক্রিয়া নিয়ে বিটিআরসির সঙ্গে অপারেটরগুলোর পরামর্শের দিন। ২৬ আগস্টআগ্রহী প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা জামানত জমা দেয়।
বিটিআরসি ৪০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দের জন্য ওই নিলাম ডাকে। নিলামে ২৫ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হলেও এখনও ১৫ মেগাহার্টজ অবিক্রীত রয়েছে। নিলামে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল অংশ নিলেও সিটিসেল বিরত ছিল।
উল্লেখ্য, ২০১২ সালের অক্টোবর থেকে টেলিটক পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে। টেলিটক ওই নিলামে অংশ না নিলেও নীতিমালা অনুযায়ী নিলামে ওঠা দাম তাদের পরিশোধ করতে হবে। আর থ্রিজির সঙ্গে ফোরজি ও এলটিই নেটওয়ার্ক সার্ভিস দিতে পারবে মোবাইল ফোন অপারেটরগুলো। ১৫ বছরের জন্য হবে ওই লাইসেন্স। প্রতি ৫ বছর পর নবায়নের সুযোগ থাকবে লাইসেন্সগুলো।




