ইয়ানুর রহমান, যশোর : ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশের পর ট্রাকসহ ড্রাইভার হেলপার নিখোঁজ হওয়ার প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ডাক দিয়েছে ভারতের পেট্রাপোল বন্দরের ট্রাক শ্রমিক ইউনিয়ন।

পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, গত ১১ মার্চ ভারত থেকে এসিডের একটি রফতানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক (ডাবিøউ-বি-২৩-৯৬৭৫) বেনাপোল বন্দরে প্রবেশ করে। পণ্য খালাশ করে ট্রাকটি ও চালক এখনো ভারতে ফেরত আসেনি। বিষয়টি বেনাপোল বন্দর কর্তৃপক্ষকে একাধিকবার জানালেও ট্রাকসহ ড্রাইভার হেলপারের কোন সন্ধান দিতে পারেননি তারা। ট্রাকসহ চালককে ফিরে পেতে সোমবার (৭ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ মহাকুমা আইএনটিইউসির সাধারণ সম্পাদক প্রদীপ সাহা জানান, ঘটনার ২৬ দিন পেরিয়ে গেলেও এ ব্যাপারে কোনো ফল হয়নি। ট্রাকসহ চালককে ফিরে পেতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, বেনাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী কাজী শাহজাহান সবুজ জানান, ভারতীয় ট্রাক শ্রমিক নেতাদের এই অভিযোগ কতটুকু সত্য তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।
তিনি আরো বলেন, বাংলাদেশে ট্রাকের দাম বেশি। তাই ভারতের এক শ্রেণীর ট্রাক চালকরা বেনাপোল বন্দরে পণ্য নিয়ে আসার পর পণ্য খালাস শেষে নির্দিষ্ট চুক্তিতে অবৈধভাবে ট্রাক এপারের পাচারকারীদের কাছে বিক্রি করে দিচ্ছে। পরে বেনাপোল বন্দর ও কাস্টমসের ঝামেলা এড়াতে ভারতে ফিরে গিয়ে ট্রাক চুরির অভিযোগ দিচ্ছে তারা।
এর আগে বেনাপোল বন্দর এলাকা থেকে এভাবে বিক্রি করা অনেকগুলো ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মলিক আনোয়ার হোসেন জানান, ভারতীয় ট্রাক ও চালক নিখোঁজের ব্যাপারে ভারতীয় সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠন আমাদের কাছে লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।




