চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সরকারি ছাগল খামারের কাছে ভান্ডারিয়ার আমবাগান থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স অনুমান ২৫ বছর। তার গায়ে স্ট্রাইপ শার্ট ও পরণে প্যান্ট রয়েছে। লাশের পাশে একটি লাল রঙের ব্যাগ পড়ে ছিল।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ফারুক হোসেন জানান, মঙ্গলবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। আমবাগানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত যুবক আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয়। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




