ভোলা প্রতিনিধি : ভোলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৪ উদ্বোধন করা হয়েছে। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের উপচে পড়া ভিড় জমেছে। সুপ্ত প্রতিভা বিকাশে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কার তুলে ধরছে। এবং তা দেখতে ছুটে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক , অভিভাবক ও দর্শকরা । রোববার বিকেল সাড়ে ৩টায় ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা এ মেলার উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আ’লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোলা, প্রবীণ সাংবাদিক আবু তাদের, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল, সাংবাদিক অমিতাভ অপু। সোমবার মেলা মঞ্চে জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতা ও তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন ওবায়দুল হক কলেজ অধ্যক্ষ নওশেদ আলম আকবর, আলতাজের রহমান কলেজের অধ্যক্ষ জাহান জেব চৌধুরী টিটু, ইলিশা মডেল কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন, ম্যাজিস্ট্রেট মাসুদা আক্তার , সাংবাদিক নেয়ামতউল্যাহ, মেলা উদযাপন কমিটির সম্পাদক যুগান্তর প্রতিনিধি অমিতাভ অপু।
মেলায় ১৪টি স্টল বসেছে। এ ছাড়া রোববার সকালে একই মাঠে শুরু হয়েছে ডিজিটাল মেলা। ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান-প্রযুক্তি মেলাকে ঘিরে বাংলাস্কুল চত্বর প্রতিদিন চৈত্রের খড়া তাপ উপেক্ষা করেই ক্ষুদে বিজ্ঞানী, স্কুল কলেজের শিক্ষার্থী আর দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে। এছাড়াও প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করছে এ রব মাধ্যমিক বিদ্যালয়, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, টবগী মাধ্যমিক বিদ্যালয়, ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ভোলা সরকারি কলেজ, ফজিলাতুন নেছা মহিলা কলেজ, মাছুমা খানম বালিকা বিদ্যালয়, নলীনি দাস বালিকা বিদ্যালয়, টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং খুদে বিজ্ঞানী সংসদ। মেলা চত্বরের প্রতিদিন প্রদর্শনী ছাড়াও ভাসানী মঞ্চে বির্তক প্রতিযোগিতা, জ্ঞান জিজ্ঞাসা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।




