কলারোয়া (সাতক্ষীরা) থেকে আরিফ মাহমুদ : ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। নিহত মাহবুর রহমান (১১) বয়ারডাঙ্গা গ্রামের রিজাউল সরদারের পুত্র। ওই দূর্ঘটনায় রাকিবুল ইসলাম (৮) নামের অপর এক শিশু আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের রিজাউল সরদারের পুত্র শ্রীরামপুর হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মাহবুর রহমান ও একই গ্রামের রবিউল ইসলামের পুত্র রাকিবুল ইসলাম (৮) বাইসাইকেলযোগে চন্দনপুরে তার এক বোনের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে কলারোয়া-চান্দুড়িয়া সড়কের গয়ড়া গ্রামের খইড়ি হামিদের বাড়ির সামনে একটি মোটরসাইকেল সামনে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ট্রলিতে ধাক্কা খায়। এসময় চন্দনপুরমুখি ট্রলির পিছনের চাকায় পিষ্টহয়ে মাহবুর ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় রাকিবুল। এ ঘটনায় কিছুক্ষণ ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। মাহবুরের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলারোয়া প্রাথ. বিদ্যা. সহকারী শিক্ষক সমিতির নয়া কমিটি
কাকন আহবায়ক, সিরাজ সদস্য সচিব
কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নয়া কমিটি গঠণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে আয়োজিত এক মতবিনিময় সভায় কলাটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুজ্জামান কাকনকে আহবায়ক ও হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ৩৫সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠণ করা হয়েছে। কলারোয়া প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় কয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাকন, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। সভাটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আ.ওহাব মামুন। বক্তরা সহকারী শিক্ষকদের ১১দফা দাবি উত্থাপন করেন ও তা বাস্তবায়নের দাবী জানান।
কলারোয়ায় এক ব্যক্তি আটক

কলারোয়ায় এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আটক সেজান মাহমুদ শহর আলী (২৮) বাটরা গ্রামের মৃত গোলাপ সরদারের পুত্র। শুক্রবার রাতে সে আটক হয়। থানা সূত্র জানায়, কলারোয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার (নং-৮(৩)১৪) আসামী সেজানকে সরসকাটি ক্যাম্পের পুলিশ আটক করে।




