শ্যামলবাংলা ডেস্ক : আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নেয়ার জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ২৭ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা দল আয়োজিত মহান স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে ওই আহ্বান জানান। এসময় তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হওয়া শুরু হয়েছে। আরও বেশি ক্ষুব্ধ হওয়ার আগেই অতি দ্রুত আলোচনা করে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।
খালেদা জিয়া বলেন, আমাদের আর কত বাধা দেবেন, আর কত গুলি করবেন? জোর করে চিরদিন ক্ষমতায় থাকবেন, তা হতে দেওয়া হবে না। নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন করবেন তা হবে না। তিনি আরও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক- তিনিই দেশের প্রথম রাষ্ট্রপতি। আমি এ পরিচয় দিতে গর্ববোধ করি।




