কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীতে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুল ছাত্রীর লাশের সন্ধান এখনো মেলেনি। নিখোঁজ স্কুল ছাত্রী কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী দক্ষিণ পাড়া গ্রামের সাদেক মিয়ার মেয়ে শিমু আক্তার (১৪)। সে স্থানীয় মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ত। এ প্রতিবেদন লেখার সময় বৃহস্পতিবার তার আত্মীয়-স্বজনরা শীতলক্ষ্যা নদীতে খোঁজাখুজি করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে উপজেলার মসলিন কটন কারখানার পাশে শীতলক্ষ্যা নদীর ঘাটে শিমুর মায়ের সঙ্গে কাপড় ধুচ্ছিল। একপর্যায়ে শিশু গোসল করতে নদীতে ঝাপ দেয়। পরে সে আর তীরে উঠতে পারেনি। তার মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজাখুজি করেও ব্যর্থ হয়। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ডুবুরিদের খবর দিয়ে আনেন। তারা বুধবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোঁজাখুুজি করেও তাকে পাওয়া যায়নি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহ্সান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডুবুরিরা মেয়টিকে বুধবার রাত ৮টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। তবে লাশ না ভাসলে আবার ডুবুরি তলব করা কর হবে।




