দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : দেবিদ্বারে আবারও পাইপের ভেতর থেকে অজ্ঞাত গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৫ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার রামপুর গ্রামের মাদ্রাসা সংলগ্ন নির্জন একটি জলার মধ্যে পানি নিষ্কাশনের ২৪ ইঞ্চি পাইপের ভেতর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই জলার পাশে নাবিল নামের এক শিশু ঘাস কাটতে গিয়ে পঁচা গন্ধ পায়, পরে খোঁজ করতে গিয়ে পাইপের ভেতরে মৃত মানুষের লাশ দেখে চিত্কার শুরু করলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপ-পরিদর্শক(এস আই) শাহ কামাল আকন্দ’র নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসেন। ঘটনাস্থলে শত শত জনতার উপস্থিতি থাকলেও কেউ লাশ সনাক্ত করতে পারেনি। তবে লাশের বয়স ১৯/২০ বছর হতে পারে। বিবাহিতা ওই মহিলাকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা গলায় রশী বেঁেধ শ্বাসরুদ্ধ করে হত্যাপূর্বক ১০-১৫দিন পূর্বে ওই পাইপের ভেতরে লোকিয়ে রেখে যায়। তার পরনে সবুজ সালোয়ার ও গায়ে সবুজ সোনালী প্রীন্টের বোরকা পড়া ছিল। কানে দুল হাতে মোটা চুরি থাকলেও মাথার চুলগুলো খসে গেছে। বিকৃত এ গৃহবধূর চেহারা সনাক্ত করার কোন উপায় নেই, তবে তার পোষাক দেখে স্বজনেরা সনাক্ত করতে পারবে বলে পুলিশ জানান।
দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, লাশের সনাক্তকারী খুঁজে পাওয়া গেলে হত্যাকারীদের দ্রুত সনাক্ত করা যেত। বিবাহিতা ওই মহিলার পেটে সম্ভবত ৩/৪ মাসের বাচ্চা থাকতে পারে বলেও ধারনা করা হচ্ছে। মামলা তদন্ত চলছে, খুব শীঘ্রই হত্যাকান্ডের ক্লু খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।




