খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় স্কুলছাত্রীকে উত্যক্তের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হাতে ছাত্রীর পিতা-মাতাসহ ৩ জন আহত হয়েছে। ২৪ মার্চ রবিবার রাতে উপজেলার বন্দভাটপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই ছাত্রীর পিতা লাল মিয়া (৪০) ও মাতা শাহান বেগম (৩৫) সোমবার বিকেলে জানান, তাদের কন্যা স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২) কে একই গ্রামের আব্দুল কুদ্দুসের বখাটে পুত্র আবু সামাদ মাঝেমধ্যেই উত্যক্ত করত। রবিবার বিকেলে ওই স্কুলছাত্রী বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে আবু সামাদ তাকে উত্যক্ত করে। স্কুলছাত্রীর পিতা-মাতা ওইদিন সন্ধ্যার পর ঘটনার প্রতিবাদসহ বখাটে আবু সামাদের অভিভাবককে জানাতে গেলে আবু সামাদ ও তার লোকজন ওই ঘটনা ঘটায়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্যে নির্দেশ দেয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় থানায় কোন মামলা রুজু হয়নি। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ধামাচাপার পায়তারা করছে।




