শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর উপকণ্ঠে সাভারে ইমারত বিধিমালা অমান্য করে ‘রানা প্লাজা’ নির্মাণের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) করা মামলায় আসামি সোহেল রানাকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে পুলিশের করা অপর আরেক মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়। ২৩ মার্চ রবিবার দুপুরে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ওই আদেশ দেন। তবে রানার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।

উলেখ্য, গত বছরের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পড়ে। এতে ১ হাজার ১শ ৩৬ জন মানুষ নিহত হন। ওই ঘটনায় ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে পরদিন ২৫ এপ্রিল রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় রানা ও তার বাবা আব্দুল হকসহ ৬ জনকে আসামি করে একটি মামলা করেন।




