শ্যামলবাংলা ডেস্ক : বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার দেশপ্রেম ও সততার ‘ঘাটতি’র প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি ১৪ মার্চ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের যৌথ সমাবেশে ওই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, আগামীতে বামশক্তি রাষ্ট্রক্ষমতায় এলে জনগণকে ৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে বিতরণ করা হবে।

সেলিম বলেন, এ সরকারের প্রধানমন্ত্রী বিদ্যুৎ নিয়ে নানা-রকম কথাবার্তা বলেন। এতে প্রমাণ হয় এ সরকারের দেশপ্রেম ও সততা নেই। নিজেদের দলের লোকদের ও আত্মীয়-স্বজনদের আরো বড়লোক বানাতেই এই কুইক রেন্টাল, কুইক চুরি।
বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসে, প্রধানমন্ত্রী হন দলের সভানেত্রী শেখ হাসিনা। সব দলের অংশগ্রহণ না থাকায় ওই নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থাকে সিপিবি ও বাসদ। তবে পরে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নিচ্ছেন এই দুটি দলের নেতারা।
বিদ্যুতের দাম বাড়ানোয় বিএনপির প্রতিবাদকে কটাক্ষ করে সিপিবি সভাপতি বলেন, আপনাদের সময়েও জনগণ কষ্ট পেয়েছে, খাম্বা নিয়ে আপনারাও (বিএনপি) কম কেলেঙ্কারি করেননি। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামী ১৬ মার্চ বেলা ১১টায় জ্বালানি মন্ত্রণালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয় সমাবেশ থেকে।
সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও সদস্য রুহিন হোসেন প্রিন্স এবং বাসদের সদস্য বজলুর রশীদ ফিরোজ ও জাহেদুল হক মিলু সমাবেশে উপস্থিত ছিলেন।




