ভোলা প্রতিনিধি : ভোলা সদর উপজেলা পরিষদ নির্বচানের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি দুই প্রার্থীর একই স্থানে প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছে। আওয়ামী লীগের অভিযোগ বিএনপির সভা থেকে গুলি ছুড়লে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এ ঘটনায় সদর উপজেলার বাপ্তা গ্রামে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়াও ভোলার ভেলুমিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পৃথক সংঘর্ষের খবর পাওয়া গেছে।

শনিবার বিকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেনের প্রচারণা সভার আয়োজন করা হয়। কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নকিব জানান, বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে তাদের পূর্ব নির্ধারিত সভা চলছিল। একই স্থানে বিএনপির একটি প্রচারণা সভাস্থল থেকে ৪/৫টি মটরসাইকেল করে বিএনপি সমর্থিত প্রার্থীর কর্মীরা এসে গুলি ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের সভাস্থলের চেয়ার ভাংচুর করা হয়। সংঘর্ষে আওয়ামী লীগের খোকন, অপু, মাসুদ, জিন্না, জনি সহ ১০/১৫ জন আহত হয়। অপর দিকে জেলা যুবদলের সভাপতি ইয়ারুল আলম লিটন জানান, বিএনপি দলীয় প্রার্থী মো: ফারুক মিয়ার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে উঠান বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু আওয়ামী লীগের লোকজন গিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তাদের ২০/২৫ জন আহত হয়। তবে তিনি গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেন।
এদিকে পূর্ব থেকে অবস্থানরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে শহর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঐ এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।




