মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন সরিষাবাড়ী হাটে সপ্তাহে দু’দিন হাটবারে লাখ লাখ টাকার জুয়া ও মাদকের জমজমাট আসর চলে আসছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদেরকে ম্যানেজ করে এক শ্রেণীর অসাধু জুয়াড়িরা দিব্যি জুয়া ও মাদকের আসর চালিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তিরা এ প্রতিবেদককে জানিয়েছেন। সরেজমিন গিয়ে জানা যায়, প্রতি শুক্র ও সোমবার সরিষাবাড়ীহাটটি বসে। স্থানীয় প্রভাবশালী ১০-১২ জনের একটিদল বাঁধ রাস্তা সংলগ্ন জনৈক এক জুয়াড়ির উঠানে জুয়া ও মাদকের আসরটি ৬ মাস ধরে চালিয়ে যাচ্ছে। তিস্তা নদীর তীরবর্তী এ হাটটিতে পার্শ্ববর্তী রংপুর জেলাধীন কাউনিয়া, পীরগাছা, লালমনিরহাট সদরের তিস্তা, মোস্তফীরহাট সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নামি-দামী জুয়াড়িরা রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত ওই স্থানে লাখ লাখ টাকার জুয়া ও রাতভর মাদকের আসর জমে তোলে। স্থানীয়দের অভিযোগ দু’টি প্রধান রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জড়িত থাকায় তাদের বিরুদ্ধে এলাকাবাসী মুখ খুলে প্রতিবাদ করতে সাহস পাননা। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাসান সরদার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। জুয়ার বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে এবং আগামী হাটের দিন ওই স্থানে পুলিশি অভিযান পরিচালনা করা হবে।




