চুয়াডাঙ্গা প্রতিনিধি : ভারতে তিন বছর কারাভোগ শেষে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। এরা হচ্ছে- ফরিদপুর জেলার সালথা থানার হোগলাকান্দি গ্রামের ফিরোজ মোল্লার ছেলে মনিরুল মোল্লা (১৭), বিশু মিয়ার ছেলে মোহাম্মদ রুবেল (১৮) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মহিষকুন্ড গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে পিন্টু হোসেন (২৫)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার আব্দুল আওয়াল জানান, এরা ২০১১ সালে পাচারকারীর খপ্পরে পড়ে হিলি ও দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে গিয়ে ধরা পড়ে। এরপর ভারতের কারাগারে ঠাঁই হয় এদের। পরবর্তীতে অপ্রাপ্ত বয়সের এই তিন বাংলাদেশীকে কারাগার থেকে নেয়া হয় ভারতের কৃষ্ণনগর সেফ হোমে। সেখানে সাজার মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার দুপুর দেড়টায় পতাকা বৈঠকের মাধ্যমে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার আব্দুল আউয়াল, ইমিগ্রেশন ইনচার্জ এস আই শেখ মাহবুব ও দামুড়হুদার থানার এসআই আবু জাহের। ভারতের পক্ষে ছিলেন বিএসএফ’র গেঁদে কোম্পানী কমান্ডার বি বি বিশ্বাস ও ইমিগ্রেশন ইনচার্জ তন্ময় বিশ্বাস।




