চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার মমিনপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ঝড়– সর্দার (৬৫) নামের এক বৃদ্ধ ভিখারীর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার মমিনপুর গ্রামের মৃত ইয়াসিন মন্ডলের ছেলে। ২২ জানুয়ারী বুধবার রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশের উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সউদ কবির জানান, বুধবার বিকাল ৩টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭৬১ নম্বর আপ সাগরদাড়ী এক্সপ্রেসে চুয়াডাঙ্গার মমিনপুর রলস্টেশনের ক্রসিংয়ের নিকট পৌঁছায়। এসময় ঝড়– সর্দার রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের আত্মীয়স্বজন পুলিশকে জানিয়েছে, ‘কারো বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। তারা কোনো মামলা করবে না।’




