ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় মুঠোফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৭ আগস্ট বৃহস্পতিবার উপজেলার বান্দরকাটা এলাকায় অভিযান চালিয়ে এসব ডিসপ্লে জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে আনা অ্যান্ড্রয়েড মুঠোফোনের ডিসপ্লে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করছে একটি চোরাকারবারি চক্র এমন গোপন সংবাদের ভিত্তিতে বান্দরকাটা এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির একটি টহল দল সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মুঠোফোনের ডিসপ্লে জব্দ করে।
জব্দ করা ডিসপ্লের বাজার মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূরুল আমিন বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




