ছাতক প্রতিনিধিঃ ছাতকের পলীতে দুর্বৃত্তদের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত স্বামী-স্ত্রীকে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে গ্রামের মৃত সিদ্দেক আলীর পুত্র সিরাজ মিয়ার বসতঘরের পেছনের দরজা ভেঙ্গে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় গৃহকর্তা সিরাজ মিয়া ও তার স্ত্রী রোশনা বেগম দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। গৃহকর্তা সিরাজ মিয়া জানান, মুখোশধারী দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার হাত-পা বেধে মারপিট শুরু করে। এ সময় দুর্বত্তরা জায়গা-জমির দলিলপত্র, নগদ ৪৩হাজার টাকা, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল লুট করে নিয়েছে। দুর্বৃত্তরা বাঁধা অবস্থায় জোরপূর্বক ষ্টাম্পে সিরাজ মিয়ার টিপসইও নিয়ে যায়। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার সকালে ছাতক থানার ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন ও এসআই হারুন ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার তদন্ত করেছেন।




