তাপস কুমার, আত্রাই (নওগাঁ) : নওগাঁ আত্রাই রেলওয়ে ষ্টেশনের সংরক্ষিত এলাকা জুড়ে রেললাইনের উভয় পার্শে দিন দিন গড়ে উঠছে অসংখ্য অবৈধ স্থাপনা, এতে করে এলাকা ট্রেন চলাচলে মারাত্বক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ মাঝে মধ্যে রেললাইনের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও কিছু দিন পর আবারও সেই সব স্থানে গড়ে উঠে ঐ সব অবৈধ স্থাপনা । বাংলাদেশ রেলওয়ের (বি.আর) আইন অনুযায়ী রেল লাইনের উভয় পাশের ২০ ফুট এলাকা বিপদজনক ও সংরক্ষিত এলাকা। কিন্তু আত্রাইয়ে রেলষ্টেশনের সংরক্ষিত এলাকায় রেললাইনের উভয় পাশে একে বারে রেললাইন ঘেঁষে অসংখ্য কাঁচা-পাকা বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।

রেললাইন ঘেঁষে দোকান পাট গড়ে উঠায় এলাকার ক্রেতা সাধারন মূলত রেললাইন দিয়ে পায়ে হেঁটে এসে এসব দোকান গুলোতে কেনাকাটা করে থাকে। শুধু তাই নয়, ওই সব দোকানে ব্যবহৃত পানিসহ সকল বর্জ্য সরাসরি রেললাইনে ফেলছে দোকান মালিকরা, বিশেষ করে হোটেল-রেস্তোরাঁ, চা-ষ্টল ও পানের দোকানের পানি প্রকাশ্যে এনে রেললাইনে ঢেলে দেওয়া হচ্ছে। ফলে রেললাইন মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও রেললাইনের ওপর কিছু ভ্রম্যমান ফেরিওয়ালা বসে প্রতিদিন তারা বেচা-বিক্রি করছে। মাঝে মধ্যে প্রায়ই রেললাইনে মানুষ, গরু, ছাগল, কাটা পড়ে একের পর এক দূর্ঘটনা ঘটছে।
আত্রাই রেলওয়ে ষ্টেশন সূত্রে জানা যায়, আত্রাই রেলওয়ে ষ্টেশন থেকে রাজধানী ঢাকা, বিভাগীয় শহর রাজশাহী ও খুলনা গামী আন্তর নগর ও লোকাল মিলে ৭টি ট্রেন চলাচল করে। রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের একটি সূত্র জানায়, ট্রেন চলাচল নিরাপদ করতে মাঝে মধ্যে রেললাইনের উভর পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়। কিন্তু অল্প কিছু দিন যেতে না যেতেই আবারও সে সব অবৈধ স্থাপনা অবাধে গড়ে উঠে।
এ বিষয়ে আত্রাই রেলওয়ে ষ্টেশন মাষ্টার ছাইফুল ইসলাম এর সঙ্গে কথা বললে তিনি জানান, রেললাইনের দু’ধারে অবৈধ স্থাপনা গড়ে উঠায় স্বাভাবিক ট্রেন চলাচল মারাত্বক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ওই সব অবৈধ স্থাপনার কারণে ট্রেন চলকরা সামনে ঠিক মত দেখতে পায় না। এর ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। তিনি আরও জানান, রেললাইনের উভয় পাশের অবৈধ স্থাপনার ব্যপারে রেলওয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।




