মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে বিপুল পরিমাণ ভেজাল ফুরাডান কীটনাশক ধংস করা হয়েছে। ১৯ জানুয়ারী রবিবার বিকেলে ওই ভেজাল কীটনাশক ধ্বংস করা হয়।

৫শ ৬০ টি প্যাকেটের মধ্যে থাকা ৫শ ৬০ কেজি ওজনের ফুরাডান নামের এসব কীটনাশকের প্যাকেটের গায়ে পদ্মা অয়েল কোম্পানীর নাম লেখা থাকলেও সেগুলোতে পদ্মা অয়েলের নাম ব্যবহার করে একটি চক্র ভেজাল করেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান এবং উপজেলা কৃষি অফিসার একেএম মফিদুল ইসলাম। কৃষি অফিসার জানান, ভেজাল এসব কীটনাশক গত ১৬ জানুয়ারী ঢাকার সাভার থেকে জনৈক আজাদের নামে করতোয়া কুরিয়ারের মহাদেবপুর শাখায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিনই কীটনাশকগুলো জব্দ করে থানায় জমা রাখে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিন ইউএনও আমিনুর রহমান, কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম এবং থানা পুলিশের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে এসব কীটনাশক ধংস করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আঃ মান্নান চৌধুরী দুলাল, চান্দাস ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, পদ্মা অয়েল কোম্পানীর নওগাঁ-জয়পুরহাট অঞ্চলের সিনিয়র অফিসার সাজ্জাদুল করিম প্রমুখ।




