বিশ্বকাপ হাইভোল্টেজ ম্যাচে ১৫ জুলাই সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে স্পেন। অন্যদিকে মরক্কোর বিরুদ্ধে দাপুটে জয় তুলে নিয়েছে ফ্রান্স। সেমিফাইনালে তাই ইউরোপের দুই দলের লড়াই নিয়ে উত্তেজনার বিরাজ করছে। এমন আবহে বড় মন্তব্য করলেন স্পেনের তরুণ তুর্কি লামিনে ইয়ামাল। আত্মবিশ্বাসে ভরপুর ইয়ামাল স্পষ্ট জানিয়ে দিলেন, ফ্রান্সেরই ভয় পাওয়া উচিত স্পেনকে। তার এই মন্তব্য নিয়ে এখন জোর চর্চা চলছে গোটা ফুটবলবিশ্বে।

ম্যাচশেষে স্পেনের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুবই খুশি। আমরা যোগ্য দাবিদার শেষ চারে যাওয়ার। বাকি দলগুলির চেয়ে তুলনামূলকভাবে অনেক ভালো খেলেছি।’ এর পরেই ইয়ামাল স্পষ্ট করে দেন এমবাপে-দেম্বেলে-ওলিসে সমৃদ্ধ ফ্রান্সকে একটুও ভয় পাচ্ছে না স্পেন। বরং ফ্রান্সকে হুঁশিয়ারি দিলেন তিনি। ১৮ বছরের এই ফুটবলার বলেন, ‘আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মতে, ফ্রান্সের উচিত আমাদের ভয় পাওয়া।’
আর ইয়ামালের এই দাবি একেবারে ভিত্তিহীন নয়। তার এই মন্তব্যের পেছনে রয়েছে সাম্প্রতিক পরিসংখ্যান। ২০২৪ সালের ইউরোর সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। ২০২৫ সালে নেশন্স লিগেও এমবাপ্পেদের বিরুদ্ধে জয় পেয়েছিলেন পেদ্রি-ইয়ামালরা। ওই ইউরোতেই সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজির গড়েছিলেন ইয়ামাল। তাই ফ্রান্সের সামনে চ্যালেঞ্জ থাকবে ইতিহাস পাল্টানোর।

ফিফা বিশ্বকাপের ইতিহাসে স্পেন ও ফ্রান্স মুখোমুখি হয়েছে মাত্র একবার। ২০০৬ সালের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নেমেছিল দুই দল। সেবার অবশ্য ৩-১ ব্যবধানে জিতে যায় ফ্রান্স। প্রায় দুই দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে তারা। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।




