দৈনিক বাংলা ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাব নালিতাবাড়ীর সদস্য এবং আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি সাংবাদিক আমানুল্লাহ আসিফ দীর্ঘদিন ধরে ব্রেইনজনিত শারীরিক সমস্যায় ভুগছেন। অসুস্থতার কারণে তিনি বর্তমানে সাংবাদিকতাসহ সব ধরনের পেশাগত ও সামাজিক কর্মকাণ্ড থেকে বিরত রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩১ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় থেকে বিশ্রাম ও চিকিৎসা গ্রহণ করছেন।
আমানুল্লাহ আসিফের বাবা মুনছুর আলী মীর বলেন, অসুস্থতার সময় যারা খোঁজখবর নিয়েছেন, দেখতে এসেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি পরিবার কৃতজ্ঞ। তিনি ছেলের দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আমানুল্লাহ আসিফ নালিতাবাড়ীর একজন মেধাবী তরুণ সাংবাদিক ও সমাজসেবক। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যকরী সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন।
এদিকে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী সাংবাদিক, শিক্ষক, পাঠক, হকার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁরা মহান আল্লাহর কাছে তাঁর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।




