শেরপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন এন্টারপ্রেনিউর অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে উপজেলা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমেদ খান।

ওইসময় তিনি বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য নতুন উদ্যোক্তা তৈরি করে কৃষি অর্থনীতিকে শক্তিশালী করা। কৃষিকে খোরপোষ পর্যায় থেকে বাণিজ্যিক পর্যায়ে উন্নীত করা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে পার্টনার কংগ্রেসে বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রোগ্রাম ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার ড. সালাউদ্দিন কায়সার, শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) বনানী দেবনাথ ও জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু।

সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহানের সঞ্চালনায় এ পার্টনার কংগ্রেসে পিএফএস ও ননপিএফএস কৃষক-কৃষাণীসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পার্টনার কংগ্রেস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে চারটি স্টলে এ প্রকল্পের আধুনিক সুবিধাগুলো উপস্থাপন করা হয়।




