শেরপুর জেলা সদর হাসপাতালের বহুল প্রতীক্ষিত আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১৪ জুন রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ভার্চুয়ালি আইসিইউ ইউনিটের উদ্বোধন ঘোষণা করেন। পরে বিকেল সাড়ে ৩টায় হাসপাতালের নবম তলায় ফিতা কেটে ইউনিটটির উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, করোনাকালে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ভবন ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে আইসিইউ ইউনিটটি তৈরি করা হলেও জনবল সংকটের কারণে এটি চালু করা সম্ভব হয়নি। এদিকে দীর্ঘদিন লোকবল সংকটের কারণে অচল থাকা ১০ শয্যার এই ইউনিটটি চালু হওয়ায় শেরপুরবাসী স্বাস্থ্য সেবায় উন্নতির আশা করছেন।

জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা জানান, প্রাথমিকভাবে সীমিত জনবল নিয়ে আইসিইউ সেবা শুরু হয়েছে। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, শেরপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। হাসপাতালের অন্যান্য সমস্যা ও জনবল সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, সম্প্রতি শেরপুর জেলা সদর হাসপাতালের বেহাল দশা ও আইসিইউ বন্ধ থাকার বিষয় তুলে ধরে সংসদে ক্ষোভ প্রকাশ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।




