চার বছর আগে কাতার বিশ্বকাপে লাউতারো মার্টিনেজের বিকল্প হিসেবে আর্জেন্টিনা জাতীয় দলে যোগ দেন হুলিয়ান আলভারেজ। পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন আর ‘ব্যাক-আপ’ নন। বরং অ্যাটলেটিকো মাদ্রিদের গোলমেশিন এবং আলবিসেলেস্তেদের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র।

আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে লাউতারোর সঙ্গে সুস্থ প্রতিযোগিতা এবং লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন আলভারেজ। লাউতারোর সঙ্গে দলে জায়গা পাওয়ার লড়াই প্রসঙ্গে আলভারেজ বলেন, ‘আমরা (একাদশে জায়গা পাওয়া নিয়ে) প্রতিযোগী হলেও একসঙ্গে খেলাটা আমার জন্য আনন্দের। যখনই একসঙ্গে খেলেছি, দল ভালো করেছে। এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা আমাদের প্রতিদিন আরও উন্নত হতে সাহায্য করে।’
বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে নামার অনুভূতি প্রকাশ করে তিনি জানান, আর্জেন্টিনার লক্ষ্য সবসময় শিরোপা জয়। আলভারেজের ভাষ্য, ‘আর্জেন্টাইন হিসেবে আমাদের প্রত্যাশা সবসময় উঁচুতে থাকে। আমরা আবারও ফাইনালে উঠতে চাই এবং ট্রফি ধরে রেখে দেশবাসীকে আনন্দে ভাসাতে চাই।’

টানা দু’টি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জেতার পর এবার শিরোপা ধরে রাখলে এই দল ইতিহাসের সেরা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যদি আমরা ব্যাক-টু-ব্যাক বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি, তবে তা ইতিহাস হয়ে থাকবে। আমাদের ফুটবলে এখন একটি সোনালী অধ্যায় চলছে।’
লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে আলভারেজ আবেগঘন কণ্ঠে বলেন, ‘বয়সের কারণে এটি লিওর শেষ বিশ্বকাপ হতেই পারে। তবে এটি কেবল আমাদের জন্যই নয়, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য এক বিশেষ আসর হতে যাচ্ছে। কারণ তিনি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার।’
২০২২ সালের পর ইউরোপের শীর্ষ স্তরে খেলে নিজের অভিজ্ঞতা ও পরিপক্বতা অনেক বেড়েছে বলে মনে করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।




