শেরপুরের নকলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আদিল খান (৩০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৫ মে মঙ্গলবার বিকেলে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের দক্ষিণ নারায়ণখোলা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করায় তাকে ওই অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আদিল উপজেলার দক্ষিণ নারায়ণখোলা গ্রামের রহিজ উদ্দিন খানের ছেলে।

জানা যায়, নকলা উপজেলার দক্ষিণ নারায়ণখোলা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয় । অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে আদিল খানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি। ওই সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জনস্বার্থে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে নকলা উপজেলা প্রশাসন।




