ads

বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উৎসবে অগোছালো আলমারি গোছাবেন যেভাবে

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৫, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

আলমারি কেবল পোশাক রাখার জায়গা নয়; বরং এটি আপনার ব্যক্তিত্বের প্রতিফলন। অনেক সময় আমরা আলমারি বোঝাই করে কাপড় রাখি; কিন্তু শেষ পর্যন্ত পরার মতো কোনো পোশাক খুঁজে পাই না। এটি অগোছালো থাকলে শুধু যে সময় নষ্ট হয় তা-ই নয়; বরং মেজাজও খিটখিটে হয়ে যায়। হাজারটা জামাকাপড়ের ভিড়ে কাজের সময় পছন্দের পোশাকটি খুঁজে না পাওয়া বেশ বিড়ম্বনার ব্যাপার। আলমারি সুন্দরভাবে গুছিয়ে রাখলে যেমন জায়গা বাঁচে, তেমনি পোশাকের মানও দীর্ঘস্থায়ী হয়। একটি সুশৃঙ্খল আলমারি আপনার প্রতিদিনের জীবনকে অনেক সহজ করে দিতে পারে। ঈদের পর আলমারিতে নিশ্চয়ই নতুন আরও কাপড়ের জায়গা হয়েছে। প্রতিদিন নতুন পোশাক বের করা আর ঢোকানোর কারণে অগোছালোও হয়েছে নিশ্চিত। আলমারি গোছানোর কিছু আধুনিক ও সহজ উপায় নিয়ে এই আয়োজন।

Shamol Bangla Ads

সবকিছু বের করে পরিষ্কার করুন
আলমারি গোছানোর প্রথম ধাপ হলো, এর ভেতরটা পুরোপুরি খালি করা। সব কাপড় বের করে বিছানায় রাখুন। এরপর আলমারির তাক ও ড্রয়ারগুলো ভালো করে মুছে নিন। এতে ধুলাবালু বা ভ্যাপসা গন্ধ চলে যাবে। আলমারির কোনায় সামান্য ন্যাপথলিন বা শুকনো নিমপাতা রাখতে পারেন, যা পোকামাকড় থেকে সুরক্ষা দেবে।

অপ্রয়োজনীয় পোশাক আলাদা করুন
বিখ্যাত অর্গানাইজিং এক্সপার্টদের মতে, যদি কোনো পোশাক আপনি গত এক বছরে একবারও না পরে থাকেন, তবে ভবিষ্যতে সেটি পরার সম্ভাবনা খুব কম। এ ধরনের পোশাক আলমারি থেকে সরিয়ে ফেলুন। এগুলো চাইলে দান করে দিতে পারেন বা অন্য কোথাও সরিয়ে রাখতে পারেন। আলমারিতে শুধু সেগুলোই রাখুন, যা আপনার বর্তমানে কাজে লাগে।

Shamol Bangla Ads

ধরন অনুযায়ী বিন্যাস
সব পোশাক একসঙ্গে না রেখে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করুন। যেমন ফরমাল শার্ট একপাশে, টি-শার্ট অন্য পাশে, আর শাড়ি বা সালোয়ার-কামিজ আলাদা তাকে। এতে করে সকালে দ্রুত তৈরি হওয়ার সময় আপনার কোনো ঝামেলা হবে না। রঙের ক্রমানুসারে অর্থাৎ হালকা থেকে গাঢ় রঙের কাপড় সাজালে আলমারি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে।

ড্রয়ারে ভার্টিক্যাল ফোল্ডিং পদ্ধতি
কাপড়গুলো একটির ওপর একটি না রেখে লম্বালম্বিভাবে বা রোল করে সাজান। এ রকম ড্রয়ারে ভার্টিক্যাল ফোল্ডিং পদ্ধতি বর্তমানে বেশ জনপ্রিয়। এতে একটি কাপড় বের করার সময় অন্যগুলো অগোছালো হবে না এবং ড্রয়ারের ভেতরে সব কাপড় একনজরে দেখা যাবে।

হ্যাঙ্গারের সঠিক ব্যবহার
সিল্কের শাড়ি, ব্লেজার বা কোট সব সময় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। তবে সব কাপড় হ্যাঙ্গারে না ঝোলানোই ভালো। কারণ এতে কাপড়ের আকৃতি নষ্ট হতে পারে। প্লাস্টিক বা কাঠের মানসম্মত হ্যাঙ্গার ব্যবহার করুন। একই ধরনের হ্যাঙ্গার ব্যবহার করলে আলমারি দেখতে অনেক বেশি সুশৃঙ্খল মনে হয়।

ছোট জিনিসের জন্য অর্গানাইজার বক্স
টাই, মোজা, অন্তর্বাস বা বেল্টের মতো ছোট জিনিসগুলো বড় কাপড়ের ভিড়ে হারিয়ে যায়। এ সমস্যা সমাধানে ড্রয়ার অর্গানাইজার বা ছোট প্লাস্টিক বক্স ব্যবহার করুন। এতে প্রতিটি জিনিস তার নিজস্ব জায়গায় থাকবে এবং দরকারের সময়ে সহজেই পাওয়া যাবে।

অদলবদল
আমাদের দেশে ঋতুভেদে পোশাকের ধরন বদলে যায়। তাই শীতের সময় গরম কাপড়গুলো সামনের তাকে রাখুন এবং গরমের সময় সেগুলো ওপরের তাকে বা আলাদা বক্সে তুলে রাখুন। এতে আলমারির প্রধান জায়গাগুলো সব সময় আপনার চলতি প্রয়োজনের জন্য খালি থাকবে।

নিয়মিত রক্ষণাবেক্ষণ
আলমারি একবার গুছিয়ে রাখলেই কাজ শেষ হয়ে যায় না। সপ্তাহে অন্তত এক দিন ১০-১৫ মিনিট সময় দিন কোনো কিছু অগোছালো হয়েছে কি না, তা দেখার জন্য। কাপড় কাচার পর শুকিয়ে গেলে সঙ্গে সঙ্গে ভাঁজ করে যথাস্থানে রাখুন।

পরিপাটি আলমারি শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, এটি আপনার মানসিক প্রশান্তিও নিশ্চিত করে। ব্যস্ত সকালে যখন আপনি সহজেই আপনার পছন্দের পোশাকটি খুঁজে পাবেন, তখন আপনার পুরো দিনটির শুরু হবে ইতিবাচকভাবে। তাই আজই কিছুটা সময় বের করে আপনার আলমারি সুন্দর করে সাজিয়ে ফেলুন।

সূত্র: রিয়েল সিম্পল, গুড হাউস কিপিং, দ্য স্প্রাউস

Need Ads
error: কপি হবে না!