ভোলা প্রতিনিধি : ভোলার মেঘনা নদীতে হাতিয়া ঢাকা পথে চলাচলকারী লঞ্চ এম. ভি ফারহান-৩ থেকে প্রায় ১শ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। ১৪ জানুয়ারী মঙ্গলবার রাত ৯টায় মেঘনা নদীর ভাংতির খাল নামক এলাকা থেকে ওই জাটকা ইলিশ জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লে. কমান্ডার মাজহারুল ইসলামের নেতৃত্বে ভোলার একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে মেঘনা নদীর ভাংতির খাল নামক এলাকা থেকে ওই মাছ আটক করে। কোষ্ট গার্ড দক্ষিণ জোনের এ এম রাহাতুজ্জামান লেঃ বিএন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার রাতে কোষ্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ সিজি স্টেশনের জব্দকৃত জাটকার মূল্য ৮ লক্ষ। জব্দকৃত জাটকা আইনানুগ ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। পরবর্তীতে জেলা মৎস্য কর্মকর্তা জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, লিল্লাহ বোর্ডিং ও গরিব-মিসকিনদের মধ্যে বিতরণ করেন।




