তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জামাতকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাংলা বাজারের ঘোনাপাড়া বড়কালভার্ট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনারুল (৩০) নাংলা গ্রামের আবদুল হান্নানের ছেলে। তিনি জামাতে ইসলামীর রুকন (সদস্য) ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নাশকতা সৃষ্টির জন্য জামাত-শিবিরকর্মীরা নাংলা গ্রামের বিলের পাশে জড়ো হয়। খবর পেয়ে যৌথবাহিনী তাদের প্রতিহত করতে গেলে জামাত-শিবিরকর্মীরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরন ঘটায়। এ সময় যৌথবাহিনী গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন জামাতকর্মী আনারুল ইসলাম। তাঁকে সাতক্ষীরা হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এই সংঘর্ষে জামাত-শিবিরের ছোড়া ইটের আঘাতে আহত হন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক চন্দ্র বিশ্বাসসহ তিন পুলিশ সদস্য। যৌথবাহিনী ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, দুটি ককটেল ও একটি ধারালো দা উদ্ধার করেছে ।




