শহীদুল ইসলাম হিরা, শেরপুর : প্রায় দু’শ বছরের ঐতিহ্যকে ধরে রাখতে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে শেরপুর শহরের নবী নগর শাওয়াল পীরের দরগা সংলগ্ন বিশাল খোলা মাঠে এবারও পৌষ মেলা বসেছিল। ১৩ জানুয়ারী সোমবার বিকেলে পৌষ মেলা উপলক্ষ্যে গ্রামীণ ঐতিহ্যবাহী গাঙ্গি খেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং বাই সাইকেল রেস অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়াসহ ঘোড় সওয়াররা অংশগ্রহণ করেন।

মেলায় মৃৎশিল্পীদের সুনিপুন হাতে তৈরি বিভিন্ন ধরনের খেলনা ও তৈজসপত্র এবং প্লাষ্টিকের তৈরি শিশুদের বিভিন্ন প্রকার খেলনা ও বাঁশিসহ বিভিন্ন পণ্যের দোকান বসে। এছাড়া গ্রামীণ ঐতিহ্যের চিনির তৈরি সাজ, উরফা, কদমা, বাতাসা, নিমকি কালাই, খুরমা, ঝুরি, মিষ্টি এবং বিভিন্ন মুখরোচক খাবারের দোকানও ছিল মেলায়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ মেলায় শিশু-কিশোর ও তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষের উপচে পড়া ভিড়ে মেলা হয়ে উঠেছিল জমজমাট ও প্রাণবন্ত। বাংলা পৌষ মাসের শেষদিনে নবীনগরবাসী প্রতি বছরই এ পৌষ মেলার আয়োজন করে আসছে।
প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




