ads

মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফারিণের নতুন যাত্রা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৪, ২০২৫ ১:১১ অপরাহ্ণ

অভিনয়ে নিজস্ব স্বাক্ষর রেখে প্রযোজক হিসেবে এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দা থেকে ওটিটি, আর সেখান থেকে বড় পর্দায় পা রেখে ইতোমধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই শিল্পী। ২০২৩ সালে টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমায় অভিষেকের পর, গত কোরবানির ঈদে ঢালিউডে ‘ইনসাফ’ দিয়ে আলোচনায় আসেন তিনি। এবার নিজের ভাবনাগুলোকে পর্দায় রূপ দিতে শুরু করতে যাচ্ছেন প্রযোজনা প্রতিষ্ঠান।

Shamol Bangla Ads

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিণ জানান, তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন। সেই পোস্টে তিনি নেটিজেনদের কাছে জানতে চান, তার প্রতিষ্ঠানের নাম কী হতে পারে। মন্তব্যের ঘরে দর্শক-ভক্তরা নানা সৃজনশীল নাম প্রস্তাব করেছেন।

ফারিণ বলেন, আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করবেন তিনি। প্রযোজনার প্রথম কাজ হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকছে ফারিণের কণ্ঠের গান। এটি প্রকাশ পাবে এ বছরের শেষ দিকে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, গত বছর ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’তে প্রচারিত ‘রঙে রঙে রঙিন হব’ গানটি দিয়ে গায়িকা হিসেবেও জনপ্রিয়তা পান ফারিণ। কবির বকুলের কথায় ও ইমরান মাহমুদুলের সুর-সংগীতে গানটি দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়ায়।

নতুন গানেও ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। ইতোমধ্যে মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। গানের শিরোনাম, গীতিকার ও ভিডিও নির্দেশকের নাম আপাতত গোপন রেখেছেন ফারিণ। তাঁর ভাষায়, ‘গানটি খুব সুন্দর হয়েছে। আগেরটির মতো এটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমি আশাবাদী।’

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ফারিণ বলেন, ‘এখনও এত দূর ভাবিনি। মিউজিক ভিডিও দিয়েই শুরু হচ্ছে পথচলা। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।’

সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতি নিলেও ফারিণ জানালেন, সেটি সচেতন সিদ্ধান্ত। বলেন, ‘সব প্রজেক্ট না করে আমি বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি। আশা করছি, খুব শিগগিরই নতুন একটি খবর দিতে পারব।’

নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ও নিজের গাওয়া গানের মধ্য দিয়ে তাসনিয়া ফারিণের এই নতুন অধ্যায় যেন তাঁর শিল্পীসত্তাকে আরও সমৃদ্ধ করে তোলে– এটাই এখন ভক্তদের প্রত্যাশা।

Need Ads
error: কপি হবে না!