দোয়েল ভোরে মধুর সুরে ডাকে,
আমি তখন দুয়ার খুলে দেখি বাংলা মাকে॥
পাতার ফাঁকে সূর্য জাগে,
স্বাধীনতার অনুরাগে–
ফুলের সুবাস নাচিয়ে তোলে হৃদয়টাকে॥
দেশ আমাকে আপন করে
তৃষ্ণা মেটায় নদীর জলে;
বাঁচার যত রসদ দিয়ে
রেখেছে তার আঁচল তলে–
মায়ের মতো দরদ ভরে যত্নে আমায় রাখে॥
এদেশ ছেড়ে কোথায় যাব?
এত সোহাগ কোথায় পাব?
তাইতো আমি ধন্য হয়ে মা ডেকেছি তাকে॥
গীতি সংকলন: জীবন যেন রঙিন ঘুড়ি।




