২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ২টি ম্যাচের জন্য ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে আছেন লিওনেল মেসি, পাশাপাশি জায়গা পেয়েছেন বেশ কিছু তরুণ ফুটবলারও।

ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নতুন করে দলে ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের ফরোয়ার্ড হোসে মানুয়েল লোপেজ। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেন। ক্লাবের হয়ে ৪২ ম্যাচে ১৫ গোল করা লোপেজ লাৎসিওর ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গা নিয়েছেন।
দলে এসেছে আরও পরিবর্তন। বাদ পড়েছেন এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কো। তাদের জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি। চোট কাটিয়ে ফেরা কারবোনি প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরলেন।

অন্যদিকে লাল কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে নেই এনজো ফার্নান্দেজ।
এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন নতুন ২ প্রতিভাও, ম্যানচেস্টার সিটির ১৯ বছর বয়সী মিডফিল্ডার ক্লদিও এচেভেরি এবং রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে ইনজুরি থেকে পুরোপুরি না ফেরায় আবারও বাইরে রইলেন পাওলো দিবালা।
ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে রয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে খেলবে নিজেদের শেষ ম্যাচ।




