রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি ৫ জানুয়ারী জাতীয় নির্বাচনে লক্ষীপুর-১ রামগঞ্জ আসনে নির্বাচন বর্জনকারীদের হামলা, অগ্নিসংযোগ, ব্যালটবাক্স সহ নির্বাচনীয় মালামাল ও ফলাফল সিট ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থগিত হওয়া ২১টি ভোটকেন্দ্রের পুনঃভোট গ্রহনে নজিরবিহীন নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি সদস্যদের নিয়ে গঠিত যৌথবাহিনী ভোটকেন্দ্রের ক্যাচমেন্ট এলাকায় এ বলয় তৈরী করে রাখবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছেন। ১৬ জানুয়ারী পুনঃনির্বাচনের দিন ভোটারগন ভোটকেন্দ্রে আসার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ইতিমধ্যে যৌথবাহিনীর সাথে পরপর মতবিনিময় চলছে। এ মতবিনিময় প্রয়োজনের স্বার্থে নির্বাচনের পূর্বরাত পর্যন্ত পর্যায়ক্রমে চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। তিনি জানান, স্থগিত ২১টি ভোটকেন্দ্রই ঝুকিপূর্ন। সে চিন্তা মাথায় রেখেই প্রশাসন এগিয়ে যাচ্ছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে একজনের স্থলে ১৫ করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সহকারী রিটার্নিং অফিসার কাজী মাহবুবুল আলম জানান, ভোটেরদিন আইন শৃঙ্খলা বিনষ্টের চেষ্টাকারীদের প্রতিহত এবং তাৎক্ষনাত সাজা প্রদানের জন্য ২১টি কেন্দ্রে সার্বক্ষনিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করে যাবেন।




