শেরপুরের নকলা পৌরশহরে ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। ১৯ জুলাই শনিবার সকালে নকলা পৌরসভার উদ্যোগে নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম সচেতনতামূলক ওই কর্মসূচির উদ্বোধন করেন।

ওইসময় নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী সামছুল হক রাকিব, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোতালেব, পৌরসভার সহকারি প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, হিসাবরক্ষক ফেরদৌসুর রহমান, সুপারভাইজার ফজলে রাব্বি রাজনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পৌর সহায়তা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, পরিচ্ছন্নতাকর্মী, স্কাউট ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নকলা পৌরশহরের হলচত্বর থেকে সরকারি হাজী জালমামুদ কলেজ রোড, উপজেলা পরিষদের সামনে দিয়ে হাসপাতাল রোড়, নালিতাবাড়ী মোড় ও নালিতাবাড়ী মোড় হতে জোড়াব্রিজ এবং উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়।

সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে নকলা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম উপস্থিত সাংবাদিকদের জানান, সকলকে নিয়ে আমরা নকলা পৌরশহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই। আজ থেকে আমাদের কার্যক্রম জোরালোভাবে শুরু হল। পর্যায়ক্রমে আমরা পৌরসভার সকল ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব। পৌরবাসির প্রতি আহবান রইল তারা যেন তাদের ঘরবাড়ি এবং বাড়ির আশপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখেন।




