শেরপুরের নালিতাবাড়ীতে বাঁশঝাড় থেকে বিরল প্রজাতির একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে গারো পাহাড়ের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

জানা যায়, ৩০ জুন সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামের একটি বাঁশঝাড়ে প্রথমে অজগর সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দা রাকিব মিয়া। তিনি সাপটিকে ধরতে গেলে সাপটি আচমকা তার হাতে কামড় দেয়। পরে খবর পেয়ে ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন’ নামে একটি পরিবেশবাদী সংগঠন ও বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। পর্যবেক্ষণের পর সোমবার বিকেলে সাপটিকে গারো পাহাড়ের গভীর বনে অবমুক্ত করা হয়। ওইসময় স্থানীয়দের সাপ বিষয়ে সচেতন করতে ছোট পরিসরে এক সচেতনতামূলক আলোচনাও করা হয়।
সাপটি উদ্ধার ও অবমুক্তকালে বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, মধুটিলা এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য আরফান আলী, ‘হাতির খবর ও সচেতনতা গ্রুপ’-এর প্রতিনিধি আকরাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বন বিভাগ জানায়, অজগর সাপটির দৈর্ঘ্য ৮১ ইঞ্চি, ব্যাস ১১ ইঞ্চি, লেজের দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৭ কেজি ২০০ গ্রাম। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত গারো পাহাড়সংলগ্ন লোকালয় থেকে ৪ টি বার্মিজ অজগর উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।




