আজ ১৯ জুন; বিশ্ব বাবা দিবস। বাবা বটবৃক্ষের মতো সন্তানের মাথার ওপর ছায়া হয়ে থাকেন। বাবা মানে নির্ভরতা। উত্তপ্ত রোদে সন্তানের শীতল ছায়া। বাবা মানে ভরসা, শাশ্বত, বাবা চির আপন। প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের অনেক দেশ বাবা দিবসটি পালন করা হয়। সেই হিসেবে এ বছর ১৯ জুন এই দিবসটি পালিত হচ্ছে।
বাবা-মায়ের প্রতি সন্তানের ভালোবাসা চিরন্তন যার প্রতিদিনই প্রকাশ ঘটে। তারপরও বাবা-মা’র জন্য বিশেষ দিন হিসেবে প্রতি বছর আলাদা করে একটি দিবসটি পালিত হয়ে আসছে।

হাদীসে আছে- আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত।’ (তিরমিযি-১৮৯৯)।
দেখে নেওয়া যাক কয়েকটি দেশে বাবাকে কি সম্বোধন করে ডাকে:

বাংলাদেশে আমরা জন্মদাতা বাবাকে নানাভাবে সম্বোধন করে থাকি। যেমন- কেউ ডাকে আব্বা, কেউ আব্বু, কেউ বাবা, কেউ পাপা। বিশ্বের বিভিন্ন দেশেও তেমনি বাবাকে ডাকার নিজস্ব ভাষা রয়েছে। যেমন- ইংরেজরা বাবাকে ডাকেন- ফাদার, ড্যাড, ড্যাডি, পপ, পপা বা পাপা সম্বোধন করে।
এছাড়া জার্মান ভাষায় বাবা শব্দটি হচ্ছে ‘ফ্যাট্যা’; ড্যানিশ ভাষায় হচ্ছে ‘ফার’; আফ্রিকান ভাষায় ‘ভাদের’, চীনারা বাবাকে ডাকেন ‘বা’; ক্রী (কানাডিয়ান) ভাষায় ‘পাপা’; ক্রোয়েশিয়ান এ ‘ওটেক’; ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় ‘পাই’; ডাচ ভাষায় পাপা, ভাডের ও পাপাই; ফিলিপিনো ভাষায় তাতেই, ইতেই, তেয় আর আমা; হিব্রু ভাষায় ‘আব্বাহ্’; হিন্দি ভাষায় পিতাজী, ইন্দোনেশিয়ান ভাষায় বাপা, আইয়্যাহ; জাপানি ভাষায় ওতোসান, পাপা; পুর্ব আফ্রিকায় ‘বাবা’; হাঙ্গেরিয়ান ভাষায় পাপা, আপা, আপু ও এদেসাপা।
বাবা দিবস মধ্যযুগ থেকে ইউরোপের ক্যাথলিক দেশগুলোতে মার্চের ১৯ তারিখে সেন্ট জোসেফ দিবস হিসেবে পালিত হচ্ছে। আমেরিকার দেশগুলোতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার দিবসটি পালিত হয়।
বিংশ শতাব্দীর প্রথমদিকে থেকে বাবা দিবস পালন শুরু হয়। মায়েদের পাশাপাশি বাবারাও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। পৃথিবীর সব বাবাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকে যার শুরু। ধারণা করা হয়, ১৯০৮ সালের ৫ জুলাই, আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়। আবার, সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও বাবা দিবসের আইডিয়া আসে। যদিও তিনি ১৯০৯ সালে, ভার্জিনিয়ার বাবা দিবসের কথা একেবারেই জানতেন না। ডড এই আইডিয়াটা পান গির্জার এক পুরোহিতের বক্তব্য থেকে, সেই পুরোহিত আবার মা’কে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছিলেন। তার মনে হয়, তাহলে বাবাদের নিয়েও তো কিছু করা দরকার। ডড আবার তার বাবাকে খুব ভালবাসতেন। তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর, ১৯১০ সালের ১৯ জুন থেকে বাবা দিবস পালন করা শুরু করেন।
বাবা দিবস বেশ টানাপোড়েনের মধ্য দিয়েই পালিত হতো! আসলে মা দিবস নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখাতো, বাবা দিবসে মোটেও তেমনটা দেখাতো না। বরং বাবা দিবসের বিষয়টি তাদের কাছে বেশ হাস্যকরই ছিল। ধীরে ধীরে অবস্থা পাল্টায়। ১৯১৩ সালে আমেরিকান সংসদে পিতৃ দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটা বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার বাবা দিবস হিসেবে পালিত হয়।
আপাত দৃষ্টিতে অনেকের কাছেই বাবা বা মা দিবস পালনের বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না। তবে দিবসগুলো একেবারেই যে অপ্রয়োজনীয়, তেমনটি মোটেও বলা যাবে না। সন্তানের জন্য বাবা-মায়ের ভালোবাসা অসীম। সন্তানকে এই পৃথিবীতে একমাত্র স্বার্থহীন ভালোবাসা বাবা-মা’র পক্ষেই সম্ভব। সেই বাবা-মা’কে সন্তানের খুশির জন্য জীবনের অনেক কিছুই ত্যাগ করতে হয়। বাবা দিবসে সন্তানদের সামনে সুযোগ আসে বাবাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর। তাছাড়া পিতৃ দিবস পালনের ফলে সমাজে এবং পরিবারে বাবাদের যে অবদান তা যে সমাজ এবং নিজের সন্তানরা মূল্যায়ন করছে, এ বিষয়টিও বাবাদের বেশ আনন্দ দেয়।
বাবা-মা’র দেখাশোনার প্রতি অমনোযোগীদের মা দিবস বা বাবা দিবস চোখের সামনের পর্দাটি খুলে ফেলে তাদের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। তাই বাবা দিবসে এটাই প্রার্থনা, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।









