অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য ও নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য চারজন স্কাউট আত্মহুতি দিয়েছেন। স্কাউটিংয়ের ইতিহাসে এমন নজির বিশ্বের আর কোথাও নেই। ২৩ জুন সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে স্কাউটসের কার্যক্রম। গৎবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার আর সুযোগ থাকে না। তোমাকে তোমার সঙ্গে পরিচিত করে দেওয়ার জন্য স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে। এর মাধ্যমে শুধু নিজে নয়, অন্যদেরও নিজেকে চেনার সুযোগ করে দেওয়া যায়।
তিনি আরও বলেন, স্কাউটিং শুধু একটি সহশিক্ষা কার্যক্রম নয়, বরং এটি একজন মানুষকে নিজের ভেতরকার শক্তি, সম্ভাবনা ও মূল্যবোধ চিনতে শেখায়। ছাত্রজীবন সাধারণত পড়ালেখা আর পরীক্ষার গণ্ডিতেই আবদ্ধ থাকে। কিন্তু স্কাউটিং সেই বাঁধ ভেঙে নিজের সঙ্গে নিজেকে পরিচয় করিয়ে দেয়। ড. ইউনূস আরও বলেন, তোমার মধ্যে যে অজানা ‘তুমি’ লুকিয়ে আছে, স্কাউটিং সেই দরজা খুলে দেয়। এই চর্চা শুধু নিজের বিকাশে নয়, অন্যদের জীবনেও প্রভাব ফেলতে পারে। এটা একজন নাগরিকের দায়িত্ববোধ, নেতৃত্বগুণ ও সহানুভূতির চর্চার ক্ষেত্র তৈরি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন জেলার স্কাউট প্রতিনিধিরা এবং শতাধিক কাব স্কাউট সদস্য। অনুষ্ঠানে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।




