শেরপুরের নকলায় স্কুলছাত্র সাকিলের ওপর হামলার ঘটনায় হামলাকারী সন্ত্রাসীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২২ জুন রবিবার দুপুরে উপজেলা শহরের ঢাকা-শেরপুর মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে গণপদ্দী ইউনিয়নের বারইকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে হামলাকারীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবি করা হয়।
পরে নকলা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এসময় ঢাকা-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় সেনা ক্যাম্পের কর্মকর্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

উল্লেখ্য, গত ১৫ জুন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নকলা উপজেলার বারইকান্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিপড়ুয়া সাকিলের উপর অতর্কিত হামলা চালায় একই স্কুলের ছাত্র হাসিবুলসহ কয়েকজন। ওইসময় সাকিলের হাতে ও বাম পায়ে দা দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে হাসিবুলসহ অন্যরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সাকিলের পা কেটে ফেলতে হয়। ওই ঘটনায় হাসিবুলসহ ৫ জনকে আসামি করে নকলা থানায় মামলা দায়ের করা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।




