‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯ জুন বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে ওই তথ্য জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, এখন থেকে প্রতিবছর এই দিনে ছুটি থাকবে। ওই ব্যাপারে আগামী রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গেজেট প্রকাশ হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। ওইসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ফারুকী বলেন, আগামী ১ জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে। আর চূড়ান্ত কর্মসূচি চলবে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে জুলাইয়ের অনুভূতিকে ফিরিয়ে আনা। এর জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে।




