শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বন বিভাগের বিট কার্যালয়ে ২০ থেকে ২৫টি বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ঘরের আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। ২৬ মে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ের টিলায় অবস্থিত বাতকুচি বিট কার্যালয়ে ওই ঘটনা ঘটে।

বন বিভাগের মধুটিলা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে একটি হাতি বিট কার্যালয়ের সীমানায় চলে আসে। খবর পেয়ে বন বিভাগের লোকজন,গ্রামবাসি ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা তাড়িয়ে জঙ্গলে ফিরিয়ে দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই হাতিসহ ২০-২৫টি হাতির দল বাতকুচি বিট কার্যালয় চারপাশে দাড়িয়ে থাকে। এতে ৪-৫টি হাতি ঘরের দরজা,জানালা ভেঙে ফেলে। এসময় দলের সঙ্গে থাকা কয়েকটি হাতির শাবক ঘরের ভিতরে প্রবেশ করে।
পরে ঘরে থাকা চাউল খেয়ে ফেলে এবং তিনটি কক্ষে থাকা সকল আসবাপপত্র ভেঙে তছনছ করে ফেলে। পরে সেখান থেকে দলটি বন উপদেষ্টার পরিদর্শন করে যাওয়া প্রস্তাবিত দাওধারা কাটাবাড়ি পর্যটনকেন্দ্রে অবস্থান করে ও জঙ্গলের দিকে চলে যায়। রাতেই ঘটনাস্থল পরির্দশন করেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো.দেওয়ান আলীসহ বন বিভাগে লোকজন।

শমশ্চুড়া বিট কর্মকর্তা মো.কাওসার হোসেন বলেন, সমশ্চুড়া ও কাটাবাড়ি এলাকার জঙ্গলে ৩০-৩৫টি হাতি দুই ভাগে অবস্থান করছে। বিট কার্যালয় ভেঙে শেষ রাতে কয়েকটি বাড়ি ঘর ভেঙে দিয়েছে।
বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো.দেওয়ান আলী বলেন, বাতকুচি বিট অফিসটা টিলার ওপরে। গতকাল বিকেলে একটি হাতি দেখে যাওয়ার পর রাতে দল বেধে হানা দিয়েছে। এতে অফিসে থাকা সব কিছু তছনছ করে ফেলেছে।




