অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশনেই সম্পন্ন হবে। সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে ওই সিদ্ধান্তের কথা জানান তিনি। ২০ মার্চ
বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ওইসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ফলে বাংলাদেশিদের আর নয়াদিল্লির মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না, যা ভিসাপ্রত্যাশীদের জন্য একটি স্বস্তির খবর।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় ঢাকায় ভিসা আবেদন প্রক্রিয়া চালুর অনুরোধ করেছিলেন।

অস্ট্রেলিয়ার নতুন এই সিদ্ধান্তে বাংলাদেশি শিক্ষার্থী, পর্যটক ও ব্যবসায়ীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।




