শেরপুরের ঝিনাইগাতীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় লুঙ্গী ও বিভিন্ন চোরাই পণ্যসহ মো. আমীর হোসেন (৩৩) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৫ মার্চ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চোরাকারবারি আমীর হোসেন উপজেলার ডেফলাই গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম, এসআই কামরুজ্জামান, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ ঘোষসহ সঙ্গীয় ফোর্স শনিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে অভিযান চালায়।
ওইসময় ভারত থেকে চোরাই পথে আনা ৪টি বস্তায় ৮০টি হেয়ার কন্ডিশনার, ৩ বস্তায় ১৮১টি লুঙ্গী ও ১০২০ মিটার বিভিন্ন ধরনের থান কাপড়সহ চোরাকারবারি মো. আমীর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

এ ব্যাপারে জেলা ডিবি পুলিশের পরিদর্শক সালেমুজ্জামান বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আমীর হোসেনকে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।




