শ্যামলবাংলা ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটা সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ার। আদালতে তিনি জামিন পেতেও পারেন, নাও পেতে পারেন। উচ্চ আদালত তার সাজা বহাল রাখতেও পারে, তাকে ছেড়েও দিতে পারে। এখানে সরকারের পরিষ্কার বক্তব্য সরকার কোনোভাবেই এখানে হস্তক্ষেপ করবে না। এখন তারা যদি মনে করে খালেদা জিয়াকে আন্দোলন করে বের করবে সেই আশায় এখন গুঁড়েবালি। ১০ মার্চ শনিবার বেলা ১২টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের ৪ লেন ও ফ্লাইওভার কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, জনগণ সম্পৃক্ত না হলে আন্দোলন হয় না। তাদের নেতাকর্মীদের উচ্ছ্বাস আছে, আবেগ আছে। পুলিশের সঙ্গে তারা সংঘাত করতে চান। তারা রাস্তা বন্ধ করে অনশন করবে, জনগণের জন্য ভোগান্তি সৃষ্টি করবে, এটা তো জনগণ সমর্থন করবে না।
ওবায়দুল কাদের বলেন, রাস্তা বন্ধ করে জনগণের জন্য ভোগান্তির সৃষ্টি সেটা কি জনগণ সমর্থন করবে। আন্দোলনের পাঠ তাদের চুকে গেছে। আন্দোলন করতে পারবে না। আমি তাদের পরামর্শ দেবো নির্বাচনের প্রস্তুতি নিতে। বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার ইচ্ছা আওয়ামী লীগের নেই।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোর লেনের উন্নীতকরণ কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখানে চারটি ফ্লাইওভার নির্মীয়মান। শতকরা ৭০ ভাগ শেষ হয়েছে। এ প্রজেক্টে ২৬টি ব্রিজ আছে। এর মধ্যে ২৪টি ব্রিজের কাজ শেষ হয়েছে। ৬০টির মতো কালর্ভাট আছে; এর মধ্যে ৫২টির কাজ শেষ হয়েছে।
ওই সময় সড়ক বিভাগের ঢাকা বিভাগী তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেন প্রকল্পের উপ-সহকারী ব্যবস্থাপক প্রকৌশলী রুকনুজ্জামান, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার শফিকুল ইসলামসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









