হতাশার আসরে পাকিস্তান ও বাংলাদেশ পেল একটি করে পয়েন্ট। বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ৩টায় ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের। কিন্তু রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টির কারণে ম্যাচটির টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

স্থানীয় সময় বিকেল সাড়ে ৩ টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা) আর কোন আশা না দেখে আম্পায়াররা আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচ পরিত্যক্ত হওয়ার সময় পুরো মাঠে জমে ছিল পানি, ঝরছিল বৃষ্টি।
পয়েন্ট ভাগাভাগি করলো ২ দল। যদিও এই পয়েন্ট ভাগাভাগিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাবই ফেলতে পারছে না। আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে ২ সেমিফাইনালিস্ট নির্ধারিত আগেই হয়ে গিয়েছিল। একই সঙ্গে পাকিস্তানকে নিয়ে ছিটকে যায় বাংলাদেশ। এই গ্রুপে আগামী রবিবার সেমিফাইনালে উঠে যাওয়া ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটি হবে গ্রুপসেরা হওয়ার লড়াই।




