শেরপুরের নকলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা শাখার উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে পৌরসভার ফেরুষা মহল্লায় দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নকলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজ রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাফিজুর রহমান বলেন, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা মহান রবের দরবারে দোয়া করি ভাষার জন্য যারা শহীদ হয়েছেন আল্লাহপাক তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের মনে ও প্রাণে লালন করতে হবে।
সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার বলেন, ৫২’র চেতনা আমাদেরকে উজ্জীবিত করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে। ৫২’র আন্দোলনে ভাষা শহীদরা ভাষার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন। আমাদের উচিত ভাষা শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষা করা। তাহলেই শহীদদের আত্মত্যাগ স্বার্থক হবে।
আলোচনা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শূরা ও অফিস সম্পাদক লুৎফর রহমান ফিরোজ এবং পৌরসভার সভাপতি শাহ আলম শাহজাহানসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিসহ নেতৃবৃন্দ।




