গাজীপুরের টঙ্গী শহরের তুরাগপাড়ে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এটির মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। ১৬ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয় এবং এক ঘণ্টা পর ১টা ৭ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, রবিবার ফজরের নামাজের পর বয়ান দিয়ে এবারের বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বাদ ফজর ভারতের মাওলানা মোরসালিন বয়ান করেন, যার বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান দেন, যার বাংলা তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষে দুপুর ১২টা ৩৭ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়, যা ৩০ মিনিট ধরে চলতে থাকে। ১টা ৭ মিনিটে মোনাজাত শেষ হয়।
মোনাজাতে মহান সৃষ্টিকর্তার কাছে বিশ্বের মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। মোনাজাতের সময় গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে, ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গী তুরাগ তীর ও ইজতেমা ময়দানসহ তার আশপাশের এলাকা। এভাবেই শেষ হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সম্মেলন বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।




