প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর আশ্বাসে ১০ দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। এদিন দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারীর সঙ্গে দেখা করেন তারা। ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে তার কার্যালয়ে যান আন্দোলনে ক্ষতিগ্রস্ত আমিরাতসহ অন্যান্য দেশের প্রবাসীদের ৬ সদস্যদের প্রতিনিধি দল। এর আগে সকাল সাড়ে ১০টায় ৫ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে যাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধায় সেখানে অবস্থান করে বিক্ষোভ করে প্রবাসীরা।

পরে উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার ডাক আসলে আন্দোলন স্থগিত করেন তারা৷ তবে আশানুরূপ ফলাফল না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন প্রবাসীরা। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন ব্যবস্থা করা, দুবাইতে নো-এন্ট্রি তুলে দেয়া, দুবাইসহ অন্যান্য দেশে চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দীদের মুক্ত করা, দোষীদের বিচারের আওতায় আনা ও ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করার দাবিতে ৭ জানুয়ারি ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় তারা৷




