ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রাকে করে আবারও টিসিবির পণ্য বিক্রি শুরু

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে করে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১০ ফেব্রুয়ারি সোমবার থেকে ১ মাস ৯ দিন বন্ধ থাকার পর পুনরায় ওই কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া সারা দেশে টিসিবির পণ্য বিক্রির জন্য ৫৭ লাখ স্মার্ট পরিবার কার্ড তৈরি করে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে টিসিবি। রবিবার এ সংক্রান্ত পৃথক ২টি সংবাদ বিজ্ঞপ্তি দেয় টিসিবি।

Shamol Bangla Ads

সংস্থাটি বলেছে, আগামীকাল সোমবার থেকে ঢাকা মহানগরী ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এছাড়া অন্যান্য বিভাগীয় শহর ও নির্দিষ্ট কিছু জেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শিগগিরই শুরু হবে।

টিসিবি আরও জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল ও ডাল) বিক্রির কার্যক্রম চলছে। এর পাশাপাশি কার্ড নেই, এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।

Shamol Bangla Ads

টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল (সয়াবিন বা কুঁড়ার তেল), ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি, ২ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। এর মধ্যে প্রতি লিটার ভোজ্য তেলের দাম ১০০ টাকা। এছাড়া প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুর ১৫৫ টাকায় বিক্রি করছে সংস্থাটি। মূলত আসন্ন রমজান মাস উপলক্ষে ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে।

এদিকে স্মার্ট কার্ডের বিষয়ে টিসিবি জানিয়েছে, আরও ৬ লাখ স্মার্ট কার্ড তৈরির (প্রিন্টিং) কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্ড চলতি মাসেই স্থানীয় প্রশাসনের কাছে পাঠানো হবে। এ ছাড়া চলমান কার্ড তৈরির জন্য ইতিমধ্যে ১৫ লাখ এনআইডির তথ্য (ডেটা) যাচাই করা হয়েছে।

টিসিবি জানায়, সরকার থেকে এসব স্মার্ট কার্ড বিনা মূল্যে ভোক্তাদের দেওয়া হচ্ছে। পাশাপাশি টিসিবির দায়িত্ব হচ্ছে আমদানি ও স্থানীয় ক্রয়ের মাধ্যমে পণ্য সংগ্রহ করে ডিলারদের মাধ্যমে তা ভোক্তাদের কাছে পৌঁছানো। তবে কার্ড তৈরির জন্য উপকারভোগী বাছাই, তথ্য প্রদান, ভোক্তার কাছে কার্ড পৌঁছানো, কার্ড সচল করা ও পণ্য বিক্রি তদারকির দায়িত্ব স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনের। এ কারণে স্মার্ট পরিবার কার্ডসংক্রান্ত সব বিষয়ে নিকটস্থ ওয়ার্ড কার্যালয় বা ইউএনও কার্যালয়ে যোগাযোগ করার জন্য ভোক্তাদের প্রতি অনুরোধ জানিয়েছে টিসিবি।

Need Ads
error: কপি হবে না!